জন্মের মাত্র দেড় বছর বয়সে দত্তক পরিবারের সঙ্গে বাংলাদেশ ছেড়ে নেদারল্যান্ডসে চলে গিয়েছিলেন সেলিনা গোমেজ। এরপর কেটে গেছে প্রায় ৪৫ বছর। শৈশবের স্মৃতি নেই, জানা নেই জন্মদাতা মা-বাবার পরিচয়ও। পুরোনো কিছু নথি ও একটি সাদা-কালো ছবি সম্বল করে দীর্ঘদিন পর জন্মভূমি কক্সবাজারের চকরিয়ায় ফিরে এসেছেন তিনি। উদ্দেশ্য একটাই—খুঁজে পাওয়া জন্মদাতা মা-বাবা ও স্বজনদের।
দীর্ঘ অনুসন্ধানের মধ্যে এবার নতুন আশার আলো দেখছেন সেলিনা। চকরিয়ায় এক ব্যক্তি নিজেকে তাঁর ভাই বলে পরিচয় দিয়েছেন। রোববার (৮ নভেম্বর) কক্সবাজার শহরের একটি তারকা হোটেলে ওই ব্যক্তির সঙ্গে তাঁর দেখা হয়। এ সময় সম্ভাব্য আত্মীয়তার সম্পর্ক নিশ্চিত করতে ওই ব্যক্তির ডিএনএ নমুনা সংগ্রহ করেছেন সেলিনা। নমুনাটি ঢাকায় নিয়ে পরীক্ষা করা হবে। পরীক্ষার ফল ইতিবাচক হলে জন্মদাতা পরিবারের সন্ধান পাওয়ার পথ আরও সুগম হতে পারে।
ভাই পরিচয় দেওয়া ওই ব্যক্তির নাম আবু সৈয়দ। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বাবার নাম মোহাম্মদ ছাছি মিয়া এবং মায়ের নাম সোনা বানু। তিনি চকরিয়া পৌরসভার চিরিঙ্গা ভরামুহুরী মসজিদপাড়ার বাসিন্দা। তাঁর জন্ম ১৯৭২ সালের ১৪ জানুয়ারি।
সেলিনার ভ্রমণ-সহকারী রাসেল আলম জানান, শনিবার (৭ নভেম্বর) সেলিনা চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে পরিবারের সদস্যদের খোঁজ করেন। এ সময় আবু সৈয়দ তাঁর সঙ্গে যোগাযোগ করে নিজেকে সেলিনার ভাই বলে পরিচয় দেন। পরে রোববার কক্সবাজার শহরে তাঁদের সরাসরি সাক্ষাৎ হয়। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাঁদের মধ্যকার রক্তের সম্পর্ক নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
সেলিনা গোমেজের বয়স এখন ৪৬ বছর। তিনি নেদারল্যান্ডসের নাগরিক। তাঁর কাছে থাকা পুরোনো পাসপোর্টের ফটোকপি ও ভ্রমণসংক্রান্ত নথি পর্যালোচনায় দেখা যায়, সেখানে জন্মতারিখ উল্লেখ রয়েছে ১৯৮১ সালের ৭ জুলাই। জাতীয়তা লেখা বাংলাদেশি। নথিতে জন্মস্থানের সূত্র হিসেবে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটের কথা উল্লেখ রয়েছে। এসব নথি এবং শৈশবের একটি সাদা-কালো ছবি নিয়েই জন্মদাতা পরিবারের সন্ধান করছেন তিনি।
সেলিনা বলেন, ‘আমি আমার মা-বাবাকে খুঁজছি। তাঁদের খুব মিস করি। তাঁদের চেহারা কিংবা স্মৃতি আমার মনে নেই। তবে আমি জানতে চাই, আমার জন্মদাতা মা-বাবা কারা, আমার পরিবারের সদস্যরা কোথায় আছেন। আমার বর্তমান মা হেলেনা গোমেজ এবং বাবা বেনেডি গোমেজ। তাঁদের কাছে আমি আদর-যত্নে বড় হয়েছি।’
আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘নেদারল্যান্ডসে অনেক সময় নিজেকে একা মনে হয়। আমার জন্মদাতা মা-বাবা ও পরিবারের অন্য সদস্যদের খুঁজে পেতে চাই। তাঁদের সঙ্গে দেখা করার খুব ইচ্ছা।’
নিজের জন্ম ও দত্তক হওয়ার বিষয়ে সেলিনা জানান, তিনি জেনেছেন, তাঁর জন্ম চকরিয়ার মালুমঘাটে। বয়স যখন দেড় বছর, তখন এক নারী তাঁকে ঢাকায় নিয়ে যান। পরে সেখান থেকে একটি ডাচ পরিবার তাঁকে দত্তক নিয়ে নেদারল্যান্ডসে চলে যায়। ওই পরিবারের স্নেহ-ভালোবাসায় তাঁর বেড়ে ওঠা। তবে বড় হওয়ার পর থেকেই নিজের জন্মপরিচয় ও শেকড়ের সন্ধান জানার আগ্রহ তৈরি হয়।
সেলিনার ভ্রমণ-সহকারী রাসেল আলম বলেন, প্রায় সাত-আট বছর আগে প্রথমবার বাংলাদেশে আসেন সেলিনা। এরপর একাধিকবার দেশে এসেছেন। সর্বশেষ গত ২৮ অক্টোবর তিনি বাংলাদেশে আসেন। পরে এক ঘনিষ্ঠজনের মাধ্যমে তাঁর সঙ্গে পরিচয় হয় রাসেলের। এরপর থেকে সেলিনার জন্মদাতা পরিবারের সন্ধানে সহযোগিতা করছেন তিনি।
রাসেল আরও জানান, সেলিনা আগামী ১০ থেকে ১৫ দিন বাংলাদেশে অবস্থান করবেন। বর্তমানে তাঁরা কক্সবাজারে রয়েছেন। এ সময়ের মধ্যে চকরিয়াসহ বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালিয়ে যাবেন। ডিএনএ পরীক্ষার ফল তাঁদের দীর্ঘদিনের অনুসন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন তাঁরা।
প্রায় সাড়ে চার দশক আগে হারিয়ে যাওয়া শেকড়ের সন্ধানে সেলিনার এই যাত্রায় আবু সৈয়দের আবির্ভাব নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে ডিএনএ পরীক্ষার ফল না আসা পর্যন্ত তাঁদের মধ্যকার প্রকৃত পারিবারিক সম্পর্ক নিশ্চিত হওয়া যাচ্ছে না। এখন সেই পরীক্ষার ফলের অপেক্ষায় সেলিনা—যে ফল হয়তো তাঁকে পৌঁছে দিতে পারে জন্মদাতা পরিবারের কাছে।
ডিআর

