নেশার টাকা জোগাড় করতে এক বৃদ্ধের শেষ সম্বল চারটি ছাগল চুরির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন মাদকসেবীর বিরুদ্ধে। এ ঘটনায় কোথাও কোনো প্রতিকার না পেয়ে এবং স্থানীয়দের নীরবতায় চরম ক্ষোভ ও অভিমান থেকে নিজেই মাইক ভাড়া করে রাস্তায় নেমেছেন ওই বৃদ্ধ।
ব্যতিক্রমী এ প্রতিবাদের ঘটনাটি ঘটেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের তরণীপাড়া গ্রামে। প্রতিবাদী এই বৃদ্ধের নাম বুদু মিয়া (৫৫)। পেশায় তিনি একজন ক্ষুদ্র ঝালমুড়ি বিক্রেতা। সোমবার (৯ নভেম্বর ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝালমুড়ি বিক্রি করে অতি কষ্টে টাকা জমিয়ে চারটি ছাগল কিনে লালন-পালন করছিলেন বুদু মিয়া। গত রোববার দুপুরে এলাকার কয়েকজন চিহ্নিত মাদকসেবী নেশার টাকা জোগাড় করতে তাঁর চারটি ছাগল চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। এ ঘটনায় বিচার ও সহায়তার জন্য তিনি স্থানীয়দের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুরাহা পাননি। এমনকি চুরির সময় বিষয়টি অনেকে টের পেলেও মাদকসেবীদের ভয়ে কেউ মুখ খোলেননি বা বাধা দেননি।
গ্রামবাসীর এমন তীব্র নীরবতায় ক্ষুব্ধ ও মর্মাহত হয়ে সোমবার বিকেলে নিজ খরচে একটি হ্যান্ডমাইক ভাড়া করেন বুদু মিয়া। এরপর তিনি শিবপুর ইউনিয়নের বিভিন্ন হাটবাজার, রাস্তাঘাট ও অলিগলিতে ঘুরে মাদকসেবীদের বিরুদ্ধে এবং ছাগল চুরির প্রতিবাদে মাইকিং শুরু করেন।
মাইকিংয়ের সময় কান্নাজড়িত কণ্ঠে বুদু মিয়াকে বলতে শোনা যায়, “মাদকসেবীরা আমার চারটি ছাগল চুরি করে নিয়ে গেছে। আপনারা কেউ এর প্রতিবাদ করলেন না। মাদকসেবীদের এই অত্যাচার আর কত দিন সহ্য করতে হবে?”
বৃদ্ধের কান্নাসংবলিত এই প্রতিবাদের ২ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো জেলায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। মাদকের অবাধ বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে অসহায় এই বৃদ্ধের ছাগলগুলো উদ্ধারে দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, মাইকিংয়ের বিষয়টি পুলিশের নজরে এসেছে। সোমবার সকালে বুদু মিয়ার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল, কিন্তু তাঁকে পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, বুদু মিয়ার ছাগল হারানোর বিষয়টি পুলিশ জানতে পেরেছে। এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। তারপরও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ।
ডিআর

