রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃসংশ হত্যার রেশ কাটতে না কাটতেই এবার ভাষানটেকে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ মে) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার (২৩ মে) দিবাগত রাত ১২টার দিকে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে ভাষানটেক থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার মো. হোসেন বরিশালের গৌরনদী উপজেলার ডুমুরিয়া এলাকার মৃত সাহেব আলী ফকিরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভাষানটেক এলাকায় বসবাস করে আসছিলেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৭টার দিকে শিশুটি তাদের ঘরের সামনে খেলা করছিল। এ সময় প্রতিবেশী হোসেন তাকে কৌশলে নিজের ঘরে ডেকে নিয়ে যান। এরপর ঘরের দরজা বন্ধ করে এবং মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।
ঘটনার পর কয়েক দিন ধরে শিশুটি অসুস্থবোধ করছিল এবং তার গোপন অঙ্গে ব্যথার কথা বলে কান্নাকাটি করছিল। একপর্যায়ে শনিবার রাতে সে তার পরিবারকে বিস্তারিত জানায়। বিষয়টি জানার পরপরই শিশুটির বাবা থানায় অভিযোগ করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে হোসেনকে গ্রেপ্তার করে।
ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের মামলা দায়েরের পরপরই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাকে ঢাকার আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি শিশুটিকে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর মস্তক বিচ্ছিন্ন করে হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। সেই পৈশাচিক ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একই বয়সী এক শিশুর ওপর এমন পাশবিকতায় সাধারণ মানুষের মনে চরম উদ্বেগ ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments