রাজধানীর কুড়িলে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে আগামী ৭ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘ফুড অ্যান্ড এগ্রো বাংলাদেশ ২০২৬’। ৭ থেকে ৯ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এর আয়োজনে ধারাবাহিকভাবে নবমবারের মতো এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। একইসঙ্গে চারটি আন্তর্জাতিক প্রদর্শনী একযোগে অনুষ্ঠিত হবে—‘৯ম ফুড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’, ‘৯ম এগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’, ‘৯ম পোল্ট্রি অ্যান্ড লাইভস্টক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’ এবং ‘৬ষ্ঠ ফুড প্যাক এক্সপো ২০২৬’।
এ উপলক্ষে গত ২৭ এপ্রিল রাজধানীতে সেমস বাংলাদেশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, গ্রুপ ডিরেক্টর অভিষেক দাস এবং হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মাহমুদ রীয়াদ হাসানসহ সংশ্লিষ্টরা।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এ প্রদর্শনী সংশ্লিষ্ট শিল্পখাতের ক্রেতা-বিক্রেতাদের জন্য একটি ‘ওয়ান স্টপ’ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এতে কৃষি ও খাদ্য খাতের আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি, পণ্য ও সেবার প্রদর্শনীর পাশাপাশি বৈশ্বিক জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের এ খাতের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।
প্রদর্শনীতে বাংলাদেশসহ ভারত, চীন, পাকিস্তান, শ্রীলংকা, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ব্রাজিল, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, জাপান, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতসহ ১৫টিরও বেশি দেশের প্রায় ১০০টি প্রতিষ্ঠানের ১৬০টির বেশি বুথ অংশ নেবে। এ সময় বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারেরও আয়োজন করা হবে।
এছাড়া ‘ফুড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’-এর অংশ হিসেবে তৃতীয়বারের মতো ‘কফি ফেস্ট’ অনুষ্ঠিত হবে। এতে কফি বিন ও কফি যন্ত্রপাতি প্রদর্শনের পাশাপাশি বারিস্তা প্রতিযোগিতার আয়োজন করা হবে।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আকিজ এগ্রো অ্যান্ড লাইভস্টক লিমিটেড, নাবিল গ্রুপ, এগ্রো মেশিনারি ইন্ডাস্ট্রি লিমিটেড, ট্রেড গ্লোবাল লিমিটেড, শিলাইদহ ডেইরি, মধুমতি এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম, পুরো ফুডস লিমিটেড, প্যারাগন ইন্টারন্যাশনাল, হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ এবং নেসলে বাংলাদেশ পিএলসি।
আয়োজক সূত্রে জানা যায়, এ প্রদর্শনীর অংশ হিসেবে ইতোমধ্যে ‘এগ্রো প্রসেসিং গ্লোবাল গেটওয়ে’ শীর্ষক সপ্তাহব্যাপী আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এতে চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে আয়োজিত বিভিন্ন পর্বে ফ্রান্স, ভারত ও শ্রীলংকার ক্রেতা প্রতিনিধিরা অংশ নেন এবং বাংলাদেশি পণ্যের জন্য ক্রয়াদেশও প্রদান করেন।
উল্লেখ্য, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত সেমস-গ্লোবাল গত তিন দশকে বিশ্বের বিভিন্ন দেশে ৭৬২টিরও বেশি আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজন করেছে। এসব আয়োজনে অংশ নিয়েছে ৫৫ হাজারের বেশি প্রতিষ্ঠান এবং প্রায় ২০ লাখ ব্যবসায়িক দর্শনার্থী।




Comments