বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সমঝোতার আশ্বাসে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ ডলারে নেমে এসেছে। তেলের এই দরপতনের ইতিবাচক প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের শেয়ারবাজারে।
বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৫ দশমিক ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৫৭ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৪ দশমিক ৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৮৬ দশমিক ৮৫ ডলারে।
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা শুরুর সম্ভাবনা জোরালো হওয়ায় তেলের বাজারে এই পরিবর্তন আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা কম বলে ইঙ্গিত দেওয়ার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতার আশা বাড়ে। মধ্যপ্রাচ্যে সরবরাহ বিঘ্নিত হওয়ার শঙ্কা কমে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানির দামে তীব্র পতন ঘটে, যা বৈশ্বিক মূল্যস্ফীতি নিয়ে তৈরি হওয়া উদ্বেগও কিছুটা কমিয়েছে।
এদিকে তেলের দাম কমায় গত সপ্তাহের মন্দা কাটিয়ে জোরেশোরে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ২ দশমিক ৩৫ শতাংশ এবং প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক ২ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে।
বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে স্লেটস্টোন ওয়েলথের প্রধান বাজার কৌশলবিদ কেন পোলকারি রয়টার্সকে বলেন, \"নিশ্চিতভাবেই জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় শেয়ারবাজারের এই উত্থান আরও গতি পেয়েছে।\"
যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইতিবাচক ধারা দেখা গেছে ইউরোপের পুঁজিবাজারেও। এদিন লন্ডনের এফটিএসই ১০০ সূচক ১ শতাংশ, প্যারিসের সিএসি ৪০ সূচক ১ দশমিক ২ শতাংশ এবং জার্মানির ফ্রাঙ্কফুর্টের ডিএএক্স সূচক ১ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে লেনদেন শেষ করেছে।

