Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় যানবাহন ও সাধারণ মানুষের তল্লাশি জোরদার করেছে পুলিশ। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঠেকাতে মঙ্গলবার থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে যানবাহন থামিয়ে তল্লাশি করছে পুলিশ। প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে থাকা যাত্রীদের পরিচয়পত্র যাচাই করা হচ্ছে। সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হচ্ছে ব্যাগ ও যানবাহন।

পুলিশ কর্মকর্তারা জানান, নির্বাচন উপলক্ষে কেউ যেন অবৈধ অস্ত্র, বিস্ফোরক বা নাশকতামূলক কোনো সামগ্রী বহন করতে না পারে, সে লক্ষ্যেই এই অভিযান। পাশাপাশি বিভিন্ন এলাকায় টহলও বাড়ানো হয়েছে।

তল্লাশিস্থলে উপস্থিত শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, তারা জাতীয় প্রেস ক্লাব, আব্দুল গণি রোড, চানখারপুল, দোয়েল চত্বর, হাতিরপুল, পরীবাগ ও পলাশীসহ বিভিন্ন সড়কে তল্লাশি চালান। এ সময় কারও কাছে নাশকতামূলক কোনো বস্তু পাওয়া যায়নি।

ধানমন্ডির ৮/এ, ধানমন্ডি ২৭, শুক্রবাদ, সায়েন্সল্যাব মোড়, ধানমন্ডি ১৫ ও জিগাতলাসহ বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয় বলে জানান ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম। তিনি জানান, তার এলাকায় পুলিশের পাশাপাশি, সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবি আলাদা তল্লাশি কার্যক্রম চালিয়েছে। 

পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. শাহরিয়ার আলী বলেন, নির্বাচন সামনে রেখে তার বিভাগের ছয়টি থানা এলাকায় তল্লাশি ও অভিযান কার্যক্রম জোরদার করা হয়েছে। 

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, নির্বাচন ঘিরে রাজধানীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত রাজধানীতে এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।