Image description

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পর্দার সামনে এলো মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (এমসিইউ) বহুল আলোচিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর প্রথম ট্রেলার। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আয়োজিত ‘সিনেমা কন ২০২৬’ অনুষ্ঠানে ট্রেলারটি প্রদর্শিত হয়, যা মুহূর্তেই বিশ্বজুড়ে মার্ভেল ভক্তদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।

এই সিনেমার সবচেয়ে বড় চমক হিসেবে হাজির হয়েছেন রবার্ট ডাউনি জুনিয়র। মার্ভেলের ইতিহাসে যিনি ‘আয়রনম্যান’ হিসেবে সমাদৃত, তাকেই এবার দেখা যাবে ভিক্টর ফন ডুম বা ‘ডক্টর ডুম’ নামের এক ভয়ংকর খলচরিত্রে। মাল্টিভার্স বা মহাবিশ্ব দখলের নেশায় মত্ত এই শক্তিশালী ভিলেনের মোকাবিলা করতে দেখা যাবে অ্যাভেঞ্জার্সদের। ট্রেলারের একটি বিশেষ দৃশ্যে দেখা যায়, থর (ক্রিস হেমসওয়ার্থ) যখন ডক্টর ডুমের মুখোমুখি হন, তখন ডুম অনায়াসেই থরের হাতুড়ি ‘মজোলনির’ ধরে ফেলেন। এমন দৃশ্য ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে।

সিনেমাটিতে আরও একটি বড় খবর হলো অভিনেতা ক্রিস ইভান্সের ফেরা। ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এ তার চরিত্রের সমাপ্তি ঘটলেও স্টিভ রজার্স বা ‘ক্যাপ্টেন আমেরিকা’ হিসেবে আবারও তাকে পর্দায় দেখা যাবে। পরিচালক রুসো ব্রাদার্স জানিয়েছেন, বিশেষ এক প্রয়োজনে এবার সুপারহিরোদের আবারো স্টিভ রজার্সকে প্রয়োজন হবে।

এবারের অ্যাভেঞ্জার্সে শুধু পুরনো সুপারহিরোরাই নন, যুক্ত হচ্ছেন মার্ভেল ইউনিভার্সের বিভিন্ন প্রান্তের চরিত্ররা। ট্রেলারে প্রফেসর জাভিয়ার (প্যাট্রিক স্টুয়ার্ট), গ্যাম্বিট (চ্যানিং টাটুম), সাং-চি (সিমু লিউ), মিস্টিক এবং ইয়েলেনা বেলোভাকে দেখা গেছে। এছাড়া ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’, ‘এক্স-মেন’ এবং ‘ফ্যান্টাসটিক ফোর’-এর সদস্যদেরও এই সিনেমায় বড় পরিসরে দেখার সম্ভাবনা রয়েছে।

মার্ভেল স্টুডিওসের এই মহাকাব্যিক সিনেমাটি পরিচালনা করছেন জনপ্রিয় পরিচালক জুটি অ্যান্থনি ও জো রুসো। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ১৮ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’।

মানবকণ্ঠ/ডিআর