Image description

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি নির্মাণাধীন বাড়ির পানির ট্যাংকিতে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে ফতুল্লার ভোলাইল গেইদ্দার বাজার এলাকায় মো. লালন মিয়ার নির্মাণাধীন বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন—দেলোয়ার মৃধা (৩৫) ও রানা (১৯)। তারা উভয়েই ওই বাড়ির নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নির্মাণাধীন নতুন বাড়ির পানির ট্যাংকির সেন্টারিং (শাটারিং) খোলার জন্য দেলোয়ার ও রানা ট্যাংকির ভেতরে প্রবেশ করেন। ভেতরে প্রবেশের কিছুক্ষণের মধ্যেই তারা অক্সিজেনের অভাবে ও বিষাক্ত গ্যাসে অচেতন হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্যাংকির ভেতর থেকে তাদের উদ্ধার করেন। পরে তাদের নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন বন্ধ থাকা ট্যাংকির ভেতরে জমে থাকা বিষাক্ত মিথেন বা কার্বন মনোক্সাইড গ্যাসের কারণে দমবন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। বিষয়টি আরও গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে।"

মানবকণ্ঠ/ডিআর