সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন
জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৬ সালের নির্বাচনের মধ্য দিয়ে গঠিত হওয়া বর্তমান সরকারের ‘দুই মাস পূর্তি’ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১৭ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, এই সংবাদ সম্মেলনে সরকারের গত দুই মাসের সার্বিক কার্যক্রম, বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা দেশের মানুষের সামনে তুলে ধরা হবে। পাশাপাশি সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক ও জাতীয় ইস্যু নিয়েও বক্তব্য দেওয়া হতে পারে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও মুখপাত্র সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের অন্যান্য সদস্যবৃন্দ।
বিজ্ঞপ্তিতে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করতে আগ্রহী সাংবাদিকদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেট ব্যবহার করে প্রবেশ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments