Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে ভোট কারচুপির অভিযোগ তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন নির্বাচনি ট্রাইব্যুনাল। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনাল ঢাকা-৬, ঢাকা-৭ এবং গাইবান্ধা-৪ আসনের সব ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ সংশ্লিষ্ট যাবতীয় নথি নিজেদের হেফাজতে নেওয়ার নির্দেশ প্রদান করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে জামায়াতে ইসলামী এই তিন আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন জানায়। শুনানি শেষে বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক বেঞ্চ নথিপত্রগুলো সুরক্ষার স্বার্থে নিজেদের হেফাজতে নেওয়ার এই আদেশ দেন।

এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের (আরপিও) ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়ম সংক্রান্ত আবেদন নিষ্পত্তির লক্ষে হাইকোর্টে এই ‘নির্বাচনি ট্রাইব্যুনাল’ গঠন করা হয়। ওই দিনই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এই ট্রাইব্যুনালই এখন থেকে নির্বাচনি সংক্ষুব্ধ ব্যক্তিদের আবেদনের শুনানি গ্রহণ করবেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি সারাদেশে ২৯৯টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচিত সংসদ সদস্যদের নামে ইতোমধ্যে গেজেটও প্রকাশিত হয়েছে। তবে উচ্চ আদালতের নির্দেশনা থাকায় এখনো দুটি আসনের ফলাফল স্থগিত রয়েছে এবং গেজেট জারি করা হয়নি। এর মধ্যেই নতুন করে তিনটি আসনের ফলাফল নিয়ে আইনি লড়াই শুরু হলো।