ফেনীর সোনাগাজী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আল সাঈদ এবং অফিস সহায়ক আবু নাছেরকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা পিআইও কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দুদক সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুদকের ফেনী-নোয়াখালী জোনের উপ-পরিচালক ফারুক আহাম্মদের নেতৃত্বে ৮ সদস্যের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে পিআইও অফিস থেকে এক হাজার টাকার নোটের নতুন বান্ডেলে মোট এক লাখ টাকা উদ্ধার করা হয়, যা ঘুষ হিসেবে গ্রহণ করা হয়েছিল।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগান চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ব্যক্তিগত ছুটিতে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, তবে পথিমধ্যে বিষয়টি শুনেছেন।
দুদক কর্মকর্তারা জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সরকারি দপ্তরে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানান।
মানবকণ্ঠ/ডিআর




Comments