Image description

উপবৃত্তির প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ করে ব্লাকমেইলের অভিযোগ উঠেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জের এক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে। পরে ছাত্রীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শিক্ষক মো. রঞ্জু মিয়া (৫৫) উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের খড়িয়া গ্রামের বাসিন্দা।

তিনি স্থানীয় পণ্ডিতপুর আলিম মাদরাসার অধ্যক্ষ। গোবিন্দগঞ্জ পৌর এলাকার পান্থাপাড়ায় গত ১৮ ডিসেম্বর সকালে ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

মামলার অভিযোগে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রীটি চার মাস আগে ওই প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তি হন। ভর্তি হওয়ার পর থেকেই অধ্যক্ষ পরিবারের খোঁজ-খবর নেওয়ার অজুহাতে তার মোবাইল নম্বর সংগ্রহ করেন এবং সরকারি উপবৃত্তি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।

পরে গত ১৮ ডিসেম্বর সকালে উপবৃত্তির ফরমে স্বাক্ষরের কথা বলে তাকে পৌর এলাকার পান্থাপাড়ার বাসায় ডেকে নেন তিনি। সেখানে একা পেয়ে কক্ষে আটকে ছাত্রীটিকে জোর করে ধর্ষণ করা হয় এবং ঘটনাটি মোবাইলে ভিডিও ধারণ করা হয়। গতকাল শুক্রবার আবারও সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করা হয়। পরে বাধ্য হয়ে ভুক্তভোগী ছাত্রীটি বিষয়টি পরিবারকে জানান।

পরে তিনি নিজেই বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ওই ছাত্রীর  অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।