Image description

খুলনা মহানগরীর খালিশপুর এলাকায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে খালিশপুরস্থ পিপলস গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

পুলিশ জানায়, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা প্রয়োজনীয় মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করছেন।

শিশুটির পরিবার অত্যন্ত হতদরিদ্র। তার মা গৃহকর্মীর কাজ করেন বলে জানান স্থানীয়রা।

খুলনা মেট্রোপলিটন পুলিশের খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন, ধর্ষণের অভিযোগে শিপন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।