জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে সাজাপ্রাপ্ত আসামি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য (ভিসি) হাসিবুর রশিদকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (১৭ মে) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ প্রদান করেন।
আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি সাবেক ভিসি হাসিবুর রশিদকে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানোর আবেদন জানান। শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীরের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল শহীদ আবু সাঈদ হত্যার দায়ে দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন ট্রাইব্যুনাল-২। উক্ত মামলায় প্রধান আসামি হিসেবে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি হাসিবুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই হাসিবুর রশিদ আত্মগোপনে ছিলেন। দীর্ঘ সময় পলাতক থাকার পর আজ তাকে ট্রাইব্যুনালের মাধ্যমে কারাগারে পাঠানো হলো।
কোটা সংস্কার আন্দোলন চলাকালীন গত ১৬ জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। সেই সময়কার ভিডিও চিত্র ও আলোকচিত্র ছড়িয়ে পড়লে সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে এবং তিনি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীকে পরিণত হন।




Comments