আলোচিত চিকিৎসক দম্পতি ডা. সুষমা রেজা ও ডা. সাইদুল আশরাফ কুশাল পারস্পরিক সম্মতির ভিত্তিতে তাদের বৈবাহিক সম্পর্কের ইতি টেনেছেন। শনিবার (২৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিচ্ছেদের বিষয়টি জানান ডা. সুষমা রেজা।
ডা. কুশালকে ট্যাগ করে দেওয়া পোস্টে ডা. সুষমা রেজা লেখেন, ‘অনেক ভেবেচিন্তে এবং দীর্ঘ আত্মসমালোচনার পর আমরা পারস্পরিক সম্মতির ভিত্তিতে আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। আজ আনুষ্ঠানিকভাবে সেই সিদ্ধান্তের কথাই আপনাদের জানাচ্ছি।’
তিনি বলেন, এতদিন যারা তাদের ভালোবেসেছেন এবং পথচলার সঙ্গী হয়েছেন, তাদের অনেকের কাছেই এই খবর কষ্ট, বিস্ময় কিংবা নানা প্রশ্নের জন্ম দিতে পারে। তবে সেই ভালোবাসা ও আস্থার প্রতি সম্মান রেখেই অন্য কোনো সূত্র থেকে নয়, নিজেদের পক্ষ থেকেই বিষয়টি জানাতে চেয়েছেন তারা।
জীবনের নতুন অধ্যায়ে সবার দোয়া কামনা করে ডা. সুষমা লেখেন, খুব অল্প বয়সে তাদের একসঙ্গে পথচলা শুরু হয়েছিল। দেখতে দেখতে প্রায় দুই দশক পেরিয়ে গেছে। এই দীর্ঘ সময়ে তারা একটি পরিবার গড়েছেন, সন্তানদের বড় হতে দেখেছেন এবং সুখ-দুঃখ, সংগ্রাম, অর্জন ও অসংখ্য স্মৃতি একসঙ্গে ভাগ করে নিয়েছেন। সেই স্মৃতিগুলো সবসময়ই তাদের জীবনের অমূল্য অংশ হয়ে থাকবে।
তিনি আরও লেখেন, সময়ের সঙ্গে সঙ্গে তারা দুজনই উপলব্ধি করেছেন যে, সম্পর্কটি আর আগের জায়গায় নেই। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারাও বদলেছেন, বদলেছে তাদের সম্পর্ক। একপর্যায়ে তারা বুঝতে পেরেছেন, জীবনের এই পর্যায়ে শান্তিপূর্ণভাবে আলাদা হয়ে যাওয়াই উভয়ের জন্য সবচেয়ে সম্মানজনক সিদ্ধান্ত।
ডা. সুষমা বলেন, দীর্ঘমেয়াদি যেকোনো সম্পর্কের মতোই তাদের সম্পর্কেও আনন্দ, সংগ্রাম, সীমাবদ্ধতা এবং অসংখ্য আশীর্বাদ ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ তাদের জীবনের যেসব মুহূর্ত দেখেছেন, সেগুলো কোনো নিখুঁত সম্পর্কের ছবি তুলে ধরার জন্য নয়; বরং জীবনের বাস্তব ও আন্তরিক কিছু মুহূর্তই সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন।
পরিবার, বন্ধু, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, দীর্ঘ পথচলায় যারা পাশে থেকেছেন, সাহস জুগিয়েছেন এবং দোয়া করেছেন, তাদের সবার প্রতি তারা আন্তরিকভাবে কৃতজ্ঞ।
সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে ব্যক্তিগত বিষয় খুব দ্রুত আলোচনার কেন্দ্রে চলে আসে উল্লেখ করে তিনি সবার প্রতি অনুরোধ জানান, তাদের জীবনের এই সময়টুকুকে যেন অনুমান, গুজব বা বিচার-বিশ্লেষণের বিষয় না করা হয়। প্রায় ২০ বছরের এই অধ্যায়ের সমাপ্তি তারা পরস্পরের প্রতি সম্মান, কৃতজ্ঞতা এবং শান্ত গ্রহণযোগ্যতার মধ্য দিয়েই টানছেন বলে উল্লেখ করেন।
ডা. সুষমা রেজা ও ডা. সাইদুল আশরাফ কুশাল মানসিক স্বাস্থ্য ও স্বাস্থ্যকর জীবনধারা বিষয়ে নিয়মিত পরামর্শ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। পাশাপাশি তারা ‘লাইফ স্প্রিং’ প্ল্যাটফর্মের মাধ্যমে মানসিক স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।




Comments