Image description

প্রতীকী ছবি | প্রতীকী ছবি

আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করেছে পাকিস্তান। এর মধ্যেই গতরাতে আফগানিস্তানের রাজধানী কাবুল এবং কান্দাহার শহরে হামলা চালিয়েছে পাকিস্তান। খবর আল জাজিরার।

আজ শুক্রবার ভোর ৪টা ১৮ মিনিটে (গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত) পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সামাজিকমাধ্যম এক্সে পোস্টে লেখেন, পাকিস্তান সরাসরি ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। পূর্ণাঙ্গ কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী আরও লেখেন, ‘আমাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে। এখন তোমাদের সঙ্গে আমাদের প্রকাশ্য যুদ্ধ।’

এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি সকালে এক এক্স পোস্টে লিখেছেন, ‘আমাদের সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়া ব্যাপক ও চূড়ান্ত।’

কাবুলে আল–জাজিরার সংবাদদাতা নাসের শাদিদ জানান, আজ স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটে কাবুলে বোমা ফেলেছে পাকিস্তানি বাহিনী। পরে আবারও বোমা ফেলা হয়। তবে প্রাথমিকভাবে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গত সপ্তাহে আফগনিস্তানে বিমান হামলার জবাবে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার বিভিন্ন জায়গায় অতর্কিত হামলা অন্তত ৪০ সীমান্ত সেনা চৌকি দখল করে আফগান সেনারা। এসময় বেশ কয়েকজন পাকিস্তানি সেনাকে হত্যা ও অপহরণের জবাবে গত রাতে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে ‘অপারেশন গজব লিল হক’ শুরু করেছে পাকিস্তান।

আজ শুক্রবার ভোর ৪টা ৫০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বিদেশি সংবাদমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি জানিয়েছেন, হামলায় অন্তত ১৩৩ জন আফগান সেনা নিহত এবং আরও দুই শতাধিক আহত হয়েছেন। পাশাপাশি আফগানিস্তানের একটি বড় গোলাবারুদ ডিপো ধ্বংস করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।