মার্কিন নিষেধাজ্ঞা ও ট্রাম্পের হুমকির মুখে কিউবাকে রক্ষায় রাশিয়ার বড় পদক্ষেপ
মার্কিন অর্থনৈতিক অবরোধ ও নিষেধাজ্ঞার কারণে চরম জ্বালানি সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র কিউবা। দীর্ঘস্থায়ী লোডশেডিং আর আকাশচুম্বী মূল্যস্ফীতির কবলে পড়া কিউবাকে রক্ষায় এবার সরাসরি এগিয়ে এসেছে দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র রাশিয়া। কয়েক লাখ ব্যারেল রুশ তেলবাহী বড় একটি ট্যাঙ্কার এখন কিউবার পথে রয়েছে বলে সামুদ্রিক ট্র্যাকিং ডেটায় জানা গেছে।
জাহাজ চলাচল বিশ্লেষণকারী সংস্থা ‘কেপলার’-এর তথ্য অনুযায়ী, রাশিয়ার রাষ্ট্রীয় শিপিং কোম্পানি সভকমফ্লট-এর মালিকানাধীন ট্যাঙ্কার 'আনাতোলি কোলোডকিন' গত ৮ মার্চ রাশিয়ার প্রিমোরস্ক বন্দর থেকে ৭ লাখ ৩০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে যাত্রা শুরু করেছে। বুধবার (১৮ মার্চ) পর্যন্ত জাহাজটি আটলান্টিক মহাসাগরের মাঝামাঝি অবস্থানে ছিল। আগামী ২৩ মার্চের দিকে এটি কিউবার উত্তরে মাতানজাস তেল টার্মিনালে পৌঁছানোর কথা রয়েছে।
রাশিয়ার এই পদক্ষেপ এমন এক সময়ে এলো যখন কিউবার ওপর মার্কিন চাপ চরমে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কিউবা ‘দখলের’ হুমকি দিয়েছেন এবং দ্বীপরাষ্ট্রটির ওপর জ্বালানি সরবরাহ বন্ধ করার জন্য কঠোর ব্যবস্থা নিয়েছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পতনের পর থেকে কিউবায় ভেনেজুয়েলার তেল সরবরাহও বন্ধ হয়ে গেছে। এমনকি মেক্সিকো যাতে কিউবায় তেল পাঠাতে না পারে, সে জন্য মেক্সিকোর ওপরও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প।
কেপলারের তথ্য আরও বলছে, 'সি হর্স' নামক অন্য একটি ট্যাঙ্কার ২ লাখ ব্যারেল ডিজেল নিয়ে কিউবা উপকূলের কাছাকাছি অবস্থানে রয়েছে। গত ৯ জানুয়ারির পর থেকে কিউবা আর কোনো তেল আমদানি করতে পারেনি, যার ফলে দেশটির বিদ্যুৎ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে এবং জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে।
উল্লেখ্য, 'আনাতোলি কোলোডকিন' জাহাজটি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার তালিকায় থাকলেও রাশিয়া তা উপেক্ষা করেই কিউবার দিকে পাঠিয়েছে। বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই সাহসী পদক্ষেপ কিউবার কমিউনিস্ট সরকারকে বড় ধরনের পতন থেকে রক্ষা করতে পারে।
মানবকণ্ঠ/ডিআর




Comments