পবিত্র ঈদুল ফিতরের আনন্দ বাড়িয়ে দিতে দেশের বাজারে সোনার দামে বড় ধরনের ধস নেমেছে। একদিনে দুই দফায় ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম ভরিতে রেকর্ড ১৫ হাজার ৩৩৮ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর ফলে ২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায় নেমে এসেছে, যা গতকালও ছিল ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুই দফায় মূল্য সংশোধনের এই সিদ্ধান্ত নেয় বাজুস। নতুন নির্ধারিত দাম আজ বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
আজ সকালে প্রথম দফায় সোনার দাম ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমানো হয়েছিল, যা সকাল ১০টা থেকে কার্যকর হয়। তখন ২২ ক্যারেট সোনার দাম নির্ধারিত হয়েছিল ২ লাখ ৫৪ হাজার টাকা। তবে স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম আরও কমে যাওয়ায় বিকেল পৌনে ৪টায় দ্বিতীয় দফায় আবারও দাম কমানোর ঘোষণা দেয় বাজুস।
সোনার নতুন বাজারদর (ভরিপ্রতি)
২২ ক্যারেট: ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।
২১ ক্যারেট: ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা।
১৮ ক্যারেট: ২ লাখ ২ হাজার ২০ টাকা।
সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।
সোনার সঙ্গে পাল্লা দিয়ে কমেছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার নতুন দাম ৫ হাজার ৩৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা এবং ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনার কারণে চলতি মাসের শুরু থেকেই বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী ছিল। তবে আজ আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৬৮০ ডলারে নেমে এসেছে, যা গতকালও ৫ হাজার ডলারের ওপরে ছিল। বিশ্ববাজারের এই বড় দরপতনের প্রভাবেই দেশের বাজারে বড় সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি দেশের বাজারে সোনার দাম ইতিহাসে সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার টাকায় উঠেছিল। দেড় মাসের ব্যবধানে সেই দাম এখন উল্লেখযোগ্য হারে হ্রাস পেল।
মানবকণ্ঠ/ডিআর




Comments