বাউফলে ৮শ বস্তা ‘পপি বীজ’ সদৃশ দানা জব্দ, চালক ও পাচারকারীরা পলাতক
পটুয়াখালীর বাউফল উপজেলায় অবৈধভাবে পাচারের সময় প্রায় ৮০০ বস্তা সন্দেহজনক পপি বীজ জব্দ করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) রাতে উপজেলার কালাইয়া বন্দর ধানহাট এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রলার ও একটি ট্রাকসহ এসব বস্তা জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক ও পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ৮টার দিকে কালাইয়া ধানহাট সংলগ্ন খালে নোঙর করা একটি ট্রলার থেকে তড়িঘড়ি করে ট্রাকে বস্তা তোলা হচ্ছিল। ট্রলারের চালক প্রথমে বস্তাগুলোতে ‘সুপারি’ রয়েছে বলে দাবি করেন এবং শ্রমিকদের দ্রুত কাজ শেষ করতে বলেন। তবে কিছু বস্তা ছিঁড়ে ছোট ছোট দানাদার পদার্থ বের হয়ে এলে শ্রমিকদের মনে সন্দেহের সৃষ্টি হয়। শ্রমিকরা এ বিষয়ে প্রশ্ন করলে চালক তাঁদের চুপ থাকতে বলে ধমক দেন। এতে সন্দেহ আরও ঘনীভূত হলে শ্রমিকরা স্থানীয়দের বিষয়টি জানান।
খবর পেয়ে স্থানীয় লোকজন জড়ো হয়ে কয়েকটি বস্তার মুখ খুলে পপি বীজের মতো দানা দেখতে পান। তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রলার ও ট্রাকসহ সব বস্তা নিজেদের হেফাজতে নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এর আগেই ট্রলারের চালক ও তাঁর সহযোগীরা সটকে পড়েন।
অনুসন্ধানে জানা গেছে, একটি শক্তিশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সমুদ্রপথে মিয়ানমার ও ভারত সীমান্তবর্তী এলাকা থেকে পপি বীজসহ বিভিন্ন নিষিদ্ধ দ্রব্য বাউফলে এনে খালাস করে। পরে তা সড়কপথে দেশের বিভিন্ন প্রান্তে পাচার করা হয়। এ ঘটনায় কালাইয়া বন্দরের সিনেমা হল রোড এলাকার বাসিন্দা উত্তম দাস নামের এক ব্যক্তির নাম স্থানীয়ভাবে আলোচনায় এসেছে।
বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলাম জানান, “জব্দকৃত বস্তার সংখ্যা প্রায় ৮০০। এগুলো পপি বীজ কি না তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। জব্দকৃত দানার নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। ল্যাব রিপোর্ট পাওয়ার পরই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মানবকণ্ঠ/ডিআর




Comments