ট্রাম্পের ‘বিস্ফোরণ’ তত্ত্বে ইরানের উপহাস: তেলের দাম ১৪০ ডলার হওয়ার হুঁশিয়ারি
ইরানের তেল রপ্তানি বন্ধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত নৌ-অবরোধ এবং মার্কিন প্রেসিডেন্টের দেওয়া হুঁশিয়ারিকে সরাসরি উপহাস করেছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ ওয়াশিংটনের এই কৌশলকে ‘ব্যর্থ’ আখ্যা দিয়ে দাবি করেছেন, মার্কিন প্রশাসনের ভুল নীতির কারণেই বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ২৬ এপ্রিলের পর থেকে পরবর্তী তিন দিনের মধ্যে একটি অত্যন্ত শক্তিশালী ধ্বংসাত্মক প্রক্রিয়ায় ইরানের তেলকূপগুলো ‘বিস্ফোরিত’ হবে। কিন্তু ট্রাম্পের দেওয়া সেই সময়সীমা পার হয়ে গেলেও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায় বিদ্রূপাত্মক প্রতিক্রিয়া দেখিয়েছেন গালিবফ।
এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করা এক ব্যঙ্গাত্মক বার্তায় গালিবফ উল্লেখ করেন, "তিন দিন হয়ে গেল, কিন্তু কোনো তেলকূপ বিস্ফোরিত হয়নি। ট্রাম্প চাইলে আমরা এই সময়সীমা ৩০ দিন পর্যন্ত বাড়িয়ে দিতে পারি এবং এখান থেকে তেলকূপের সরাসরি (লাইভ) সম্প্রচারও করতে পারি যাতে বিশ্ববাসী সত্যটা দেখতে পায়।"
ইরানের আইআরজিসি বিমান বাহিনীর প্রাক্তন এই কমান্ডার অভিযোগ করেন, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের মতো শীর্ষ কর্মকর্তাদের ‘ভুল ও বাজে পরামর্শের’ কারণেই ট্রাম্প প্রশাসন এই অবরোধের পথে হেঁটেছে।
গালিবফ বলেন, "অবরোধের এই ভ্রান্ত তত্ত্বের কারণেই বিশ্ববাজারে তেলের দাম ১২০ ডলার ছাড়িয়ে গেছে। তাদের এই মানসিকতার কারণে দামের পরবর্তী গন্তব্য হবে ১৪০ ডলার।"
তেহরানের সাবেক মেয়র এবং বর্তমানে পারমাণবিক ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার অন্যতম নেতৃত্বদানকারী গালিবফকে একজন ‘বাস্তববাদী কট্টরপন্থী’ হিসেবে বিবেচনা করা হয়। প্রকৌশল বিদ্যায় শিক্ষিত এই নেতা মনে করেন, যুক্তরাষ্ট্রের সমস্যা তাদের তত্ত্বে নয়, বরং তাদের সংকীর্ণ মানসিকতায়।
উল্লেখ্য, হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর এই অবরোধের ফলে সরবরাহ সংকটে বিশ্ব অর্থনীতিতে মুদ্রাস্ফীতির আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের দাবি অনুযায়ী, পশ্চিমা দেশগুলো অবরোধের মাধ্যমে তাদের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করলেও বাস্তবে এটি বিশ্ব তেলের বাজারকেই অস্থিতিশীল করে তুলেছে। সব মিলিয়ে ট্রাম্পের তিন দিনের ‘বিস্ফোরণ’ তত্ত্ব এখন আন্তর্জাতিক মহলে হাস্যরসের খোরাক জোগাচ্ছে।
__এনডিটিভি




Comments