পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার গঠন;
বাংলার জনগণের প্রতি অভিনব শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ মোদির
কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড আজ এক বিরল ও আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মাটি ও মানুষের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা নিবেদন ও কৃতজ্ঞতা জানান।
শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী যখন মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন, তখন উপস্থিত হাজার হাজার মানুষের সামনে তিনি আচমকাই সম্পূর্ণভাবে মাথা নত করে বাংলার মাটিকে প্রণাম জানান।
প্রধানমন্ত্রীর এই বিনম্র ভঙ্গি দেখে মুহূর্তের মধ্যে উল্লাসে ফেটে পড়ে গোটা ব্রিগেড।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই অঙ্গভঙ্গির মাধ্যমে তিনি বাংলার মানুষের দীর্ঘ লড়াই এবং পরিবর্তনের প্রতি বিজেপিকে সমর্থন দেওয়ার জন্য তাঁর গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বাংলার জনগণকে বারবার প্রণাম ও শ্রদ্ধা জানান। তিনি বলেন, বাংলার সংস্কৃতি এবং মানুষের আশীর্বাদই এই ঐতিহাসিক জয় সম্ভব করেছে। এই জয় কেবল একটি রাজনৈতিক দলের নয়, বরং বাংলার প্রতিটি নাগরিকের আকাঙ্ক্ষার জয়।
প্রধানমন্ত্রীর এই প্রণাম জানানোর মুহূর্তটি ক্যামেরাবন্দি হওয়ার পরপরই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। ফেসবুক, এক্স (সাবেক টুইটার) এবং ইনস্টাগ্রামে নেটিজেনরা এই ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রীর ‘আবেগ ও কৃতজ্ঞতা’র প্রশংসা করছেন। অনেকে একে "বাংলার সংস্কৃতির প্রতি দেশের প্রধানমন্ত্রীর সর্বোচ্চ সম্মান" হিসেবে অভিহিত করেছেন।
উল্লেখ্য যে, এই অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। রাজ্যের প্রথম বিজেপি সরকারের এই সূচনা অনুষ্ঠানটি প্রধানমন্ত্রীর এই বিশেষ মুহূর্তের জন্য দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে।




Comments