Image description

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন প্রস্তাবের জবাব ইরান আজ রাতেই দিতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার রাতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আজ রাতেই জবাব আসবে। আমি একটি চিঠি পাওয়ার অপেক্ষায় আছি। দেখা যাক কী হয়।’ তবে যুক্তরাষ্ট্রের নতুন এই প্রস্তাবে ঠিক কী কী শর্ত রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই এমন ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে শুক্রবার রাতে ইরানের দুটি তেলের ট্যাংকার জাহাজে হামলা চালায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিন নৌবাহিনীর দাবি, ইরানি ট্যাংকারগুলো তাদের নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করায় সেগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই হামলায় ট্যাংকার দুটি অকেজো হয়ে পড়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর একযোগে হামলা চালালে এই রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত হয়। দীর্ঘ ৪০ দিন ধরে চলা এই যুদ্ধে ইরানও পাল্টা জবাব দেয়। তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।

পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল দুই দেশ দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়। ২২ এপ্রিল এই মেয়াদের সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকাল পর্যন্ত বৃদ্ধি করেন। এখন যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবের প্রেক্ষিতে ইরান কী অবস্থান নেয়, তা দেখার অপেক্ষায় বিশ্ববাসী।

সূত্র: আল-আরাবিয়া

মানবকণ্ঠ/ডিআর