Image description

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে ‘আমার ছোট বোন’ বলে সম্বোধন করেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) অনুষ্ঠিত ভারত–জাপানের ১৬তম বার্ষিক শীর্ষ সম্মেলনের পর যৌথ সংবাদ বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

সম্মেলনে বক্তব্যের শুরুতে মোদি জাপানের প্রধানমন্ত্রী, প্রতিনিধি দল, অতিথি ও উপস্থিত গণমাধ্যমকর্মীদের স্বাগত জানান। একই সঙ্গে তিনি তাকাইচির প্রথম ভারত সফরকে গুরুত্ব দিয়ে উল্লেখ করেন এবং বলেন, ‘মহামান্য এবং আমার ছোট বোন, প্রধানমন্ত্রী তাকাইচিকে আন্তরিক স্বাগত।’

জবাবে সানায়ে তাকাইচিও এ আন্তরিক সম্বোধনের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, মোদির ‘সুন্দর ছোট বোন’ মন্তব্যকে তিনি আন্তরিকতার প্রতীক হিসেবে দেখেন। দুই দেশের সম্পর্ককে ভাই-বোনের পারস্পরিক আস্থা ও সহযোগিতার চেতনায় আরও শক্তিশালী করার বিষয়ে উভয় নেতা একমত হয়েছেন বলেও জানান তিনি।

যৌথ সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন কৌশলগত বিষয়ে ভারত ও জাপানের দৃষ্টিভঙ্গিতে উল্লেখযোগ্য মিল রয়েছে। এ কারণে দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করতে এবং সহযোগিতার তিনটি অগ্রাধিকার খাতে কাজ এগিয়ে নিতে দুই দেশ সম্মত হয়েছে।

তিনি আরও জানান, জাপানের হালনাগাদ ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক (এফওআইপি) ভিশন ভারতের প্রধানমন্ত্রী মোদির ‘মহাসাগর’ উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফলে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা শক্তিশালী করতে সামুদ্রিক নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে ভারত ও জাপান।


মানবকণ্ঠ/এসএস