দেশের উত্তরাঞ্চলে ইতোমধ্যে শীতের আমেজ শুরু হলেও আগামী ডিসেম্বরের শুরু বা দ্বিতীয় সপ্তাহের দিকে ঢাকাসহ সারা দেশে পুরোদমে জেঁকে বসতে পারে শীত।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ডিসেম্বর ও জানুয়ারি মাসে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, ডিসেম্বর ও জানুয়ারি মাসে দেশের বিভিন্ন এলাকায় ৪ থেকে ৬টি মৃদু থেকে মাঝারি এবং কখনো তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
আবহাওয়াবিদদের মতে, পারদ ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস থাকলেও ঘন কুয়াশার কারণে মানুষের কাছে তা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মতো তীব্র অনুভূত হতে পারে।
তবে রাজধানী ঢাকায় এখনই জোরালো শীতের সম্ভাবনা নেই। বর্তমানে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী ডিসেম্বরের শুরুতে অথবা দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকে ঢাকায় শীতের অনুভূতি তৈরি হতে পারে।
ঢাকায় সাধারণত তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকে। তাই সরাসরি শৈত্যপ্রবাহের সম্ভাবনা তুলনামূলক কম হলেও ঘন কুয়াশার কারণে ‘কোল্ড ডে কন্ডিশন’ তৈরি হয়ে তীব্র শীত অনুভূত হতে পারে।
এ বছর দিল্লি থেকে বাংলাদেশের পূর্বাঞ্চল (কুমিল্লা) পর্যন্ত বিস্তৃত ‘ট্রান্সবাউন্ডারি ফগ’ বা আন্তসীমান্ত ঘন কুয়াশার প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এ ধরনের কুয়াশা সাধারণত ৪ থেকে ৬ দিন স্থায়ী হতে পারে।
আবহাওয়া অফিসের মতে, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধের পর থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে, অর্থাৎ ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত দেশে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।

