দুই ভাইয়ের মধ্যে ঝড়গা মেটাতে গিয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা মো. সাইফুল ইসলাম রনি। এসময় এক ভাই আব্দুস সোবহান রায়হান ঘরে অকটেন ঢেলে আগুন ধরিয়ে দিলে অগ্নিদগ্ধ হন তিনি। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রনি মারা গেছেন।
সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তাঁকে ইসলামনগর এলাকায় দাফন করা হয়। বিশ্ববিদ্যালয়-সংলগ্ন ওই এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে গত রোববার আগুন দেওয়া আব্দুস সোবহান রায়হানও রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের (৪৭তম ব্যাচ) শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য। তার গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলায়। দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ইসলামনগর এলাকায় থাকতেন।
স্থানীয় সূত্রে জানায়, গত ২৭ জানুয়ারি রাত পৌনে ৯টায় ইসলামনগর এলাকায় আব্দুস সোবহান রায়হান তার ভাই আব্দুর রাহাতের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হন। একপর্যায়ে তিনি ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে নিজের মোটরবাইক থেকে অকটেন বের করে ঘরে ছিটিয়ে দেন। এসময় জাবি শিক্ষার্থী রনিসহ কয়েকজন রায়হানকে আটকাতে ঘরে প্রবেশ করেন। তাৎক্ষণিকভাবে রায়হান লাইটার দিয়ে ঘরে আগুন ধরিয়ে দিলে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। বিস্ফোরণ ঘটে ঘরে থাকা গ্যাস সিলিন্ডারের। এতে ছাত্রদল নেতা রনি, তার সঙ্গে থাকা মোহাম্মদ হাসিনুর রহমান, রায়হান নিজে ও তার ভাই আব্দুর রাহাত দগ্ধ হন।
দগ্ধদের মধ্যে রনি ও হাসিনুরকে রাতেই ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। অন্য দুজন–রায়হান ও তার ভাই রাহাতকে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল ও পরে ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে মারা যান রায়হান।




Comments