Image description

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ যেন গতির ঝড় বইয়ে দিলেন তরুণ পেসার নাহিদ রানা। তার বিষাক্ত পেস আর বিধ্বংসী বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইনআপ। সিরিজের প্রথম ওয়ানডেতে মাত্র ৩০.৪ ওভারে ১১৪ রানেই অলআউট হয়ে গেছে শাহীন শাহ আফ্রিদির দল। ক্যারিয়ারের প্রথম ‘ফাইফার’ (৫ উইকেট) তুলে নিয়ে পাকিস্তানকে একাই ধসিয়ে দিয়েছেন নাহিদ রানা।

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুটা মন্দ ছিল না পাকিস্তানের। তবে দশম ওভারে নাহিদ রানা আক্রমণে আসতেই বদলে যায় দৃশ্যপট। তার গতির কাছে পরাস্ত হয়ে একে একে সাজঘরে ফেরেন ওপেনার সাহিবজাদা ফারহান (২৭), শামিল হুসাইন (৪), মাআজ সাদাকাত (১৮) এবং বড় তারকা মোহাম্মদ রিজওয়ান (১০)। পরে সালমান আলি আগাকে ফিরিয়ে নিজের পঞ্চম উইকেট পূর্ণ করেন এই গতিদানব। ওয়ানডে ক্রিকেটে এটিই নাহিদ রানার প্রথম পাঁচ উইকেটের কৃতিত্ব।

নাহিদ রানার তোপ সামলে যখন পাকিস্তান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, তখনই স্পিন জাদুতে আঘাত হানেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি এলবিডব্লিউর ফাঁদে ফেলেন হুসেইন তালাতকে। এরপর আবদুল সামাদকে লিটনের ক্যাচে পরিণত করার পরের বলেই পাকিস্তান অধিনায়ক শাহীন শাহ আফ্রিদিকে ফেরান মিরাজ। মিরাজের ৩ উইকেটের স্পেল পাকিস্তানকে ১০০ রানের নিচে অলআউট হওয়ার শঙ্কায় ফেলে দিয়েছিল।

একদিকে যখন উইকেটের মিছিল চলছিল, তখন অন্য প্রান্তে একা লড়াই করেছেন ফাহিম আশরাফ। তার সর্বোচ্চ ৩৭ রানের সুবাদে পাকিস্তান কোনোমতে ১০০ রানের কোটা পার করে। শেষ দিকে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান ১টি করে উইকেট নিয়ে পাকিস্তানের ইনিংসের ইতি টানেন। শূন্য রানে সাজঘরে ফেরেন মোহাম্মদ ওয়াসিম।

বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে পাকিস্তানের কোনো ব্যাটারই থিতু হতে পারেননি। জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে মাত্র ১১৫ রান। মিরপুরের চেনা কন্ডিশনে এই ছোট লক্ষ্য তাড়া করে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার সহজ সুযোগ এখন টাইগারদের সামনে।

বাংলাদেশের হয়ে নাহিদ রানা ৫টি, মিরাজ ৩টি এবং তাসকিন ও মোস্তাফিজ ১টি করে উইকেট শিকার করেছেন।

মানবকণ্ঠ/আরআই