Image description

দীর্ঘ বিরতি কাটিয়ে ওয়ানডে ফরম্যাটে ফিরেই বিশ্ব ক্রিকেটকে নিজেদের শক্তিমত্তার জানান দিল বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে স্রেফ উড়িয়ে দিয়েছে টাইগাররা। নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে পাকিস্তানকে তাদের ওয়ানডে ইতিহাসের সর্বনিম্ন রানে (বাংলাদেশের বিপক্ষে) গুটিয়ে দেওয়ার পর, তানজিদ হাসান তামিমের টর্নেডো ব্যাটিংয়ে ৮ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

বুধবার মিরপুরে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তান। ইনিংসের শুরুতে তাসকিন ও মোস্তাফিজ উইকেট না পেলেও রান আটকে রাখেন। এরপর সপ্তম ওভারে আক্রমণে আসেন অধিনায়ক মিরাজ। তবে আসল ধ্বংসযজ্ঞ শুরু হয় দশম ওভারে নাহিদ রানা বল হাতে নেওয়ার পর।

নিজের প্রথম ওভারের শেষ বলে সাহিবজাদা ফারহানকে (২৭) ফিরিয়ে শিকার শুরু করেন নাহিদ। এরপর একে একে তুলে নেন শামিল হোসাইন, মাআজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগাকে। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ‘ফাইফার’ (৫ উইকেট) নিয়ে পাকিস্তানের টপ অর্ডার একাই গুঁড়িয়ে দেন এই গতিদানব।

নাহিদের সঙ্গে উইকেট উৎসবে যোগ দেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজও। তিনি আবদুল সামাদ, হোসাইন তালাত ও পাকিস্তান অধিনায়ক শাহিন আফ্রিদিকে সাজঘরে ফেরান। শেষ দিকে তাসকিন আহমেদ ১টি উইকেট নিলে মাত্র ১১৪ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে এটিই ওয়ানডেতে পাকিস্তানের সর্বনিম্ন সংগ্রহ। ফাহিম আশরাফ সর্বোচ্চ ৩৭ রান করে কেবল হারের ব্যবধানই কমিয়েছেন।

১১৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। ওপেনার সাইফ হাসান ৪ রান করে ফিরলেও অন্য প্রান্তে পাকিস্তানি বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান তানজিদ হাসান তামিম। শাহিন আফ্রিদি ও নাসিম শাহদের পাত্তাই দেননি এই তরুণ ওপেনার। পাওয়ার প্লের ১০ ওভারেই বাংলাদেশ তুলে ফেলে ৮১ রান।

তানজিদ তামিম মাত্র ৩২ বলে নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৪টি ছক্কা ও ৮টি চারের সাহায্যে ৪৬ বলে ৬৭ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি। বাংলাদেশ মাত্র ১৫.১ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়।

এই রেকর্ড জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। ওয়ানডে অভিষেকেই ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন নাহিদ রানা।

মানবকণ্ঠ/আরআই