রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মিনি ট্রাকের ধাক্কায় নূরনবী (১৪) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেল চারটার দিকে তেজগাঁও ১৪ নং কালাম বস্তির সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নূরনবী স্থানীয় তেজগাঁও কেজি হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে স্কুলের কাজ শেষে বাসার সামনের রাস্তায় পার হচ্ছিল নূরনবী। এ সময় একটি বেপরোয়া গতির মিনি পিকআপ তাকে সজোরে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একমাত্র ছেলেকে হারিয়ে নির্বাক বাবা রফিক। তিনি কান্নায় ভেঙে পড়ে বলেন, "আমার ছেলেটা অষ্টম শ্রেণিতে পড়ত। বাসার সামনেই রাস্তা পার হওয়ার সময় একটা পিকআপ ওকে ধাক্কা দিল। দ্রুত হাসপাতালে নিয়ে আসলাম, কিন্তু ডাক্তার জানাল নূরনবী আর বেঁচে নেই।"
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে আহত অবস্থায় এক কিশোরকে হাসপাতালে আনা হয়েছিল, তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে এবং ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।
মানবকণ্ঠ/আরআই




Comments