Image description

দেশের অর্থনীতির অন্যতম প্রধান সূচক বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তির খবর দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মাত্র কয়েক দিনের ব্যবধানে রিজার্ভ বেড়ে বর্তমানে ৩৪ বিলিয়ন মার্কিন ডলারের ঘর ছাড়িয়েছে। বুধবার (১১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১১ মার্চ পর্যন্ত দেশের মোট বা গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ২৯২ দশমিক ২৭ মিলিয়ন বা ৩৪ দশমিক ২৯ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুযায়ী রিজার্ভের পরিমাণ এখন ২৯ হাজার ৫৬৯ দশমিক ৮৩ মিলিয়ন বা ২৯ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।

এর আগে গত ৮ মার্চ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধের পর দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৪ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে ছিল ২৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। মাত্র তিন দিনের ব্যবধানে গ্রস রিজার্ভ বেড়েছে প্রায় ১৯০ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে বেড়েছে ১৮০ মিলিয়ন ডলারের বেশি।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক দুই পদ্ধতিতে রিজার্ভের হিসাব প্রকাশ করে থাকে। একটি হলো কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাব (গ্রস রিজার্ভ), আর অন্যটি আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি। সাধারণত নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের এই পদ্ধতি অনুসরণ করে, যেখানে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায়গুলো বিয়োগ করে প্রকৃত রিজার্ভের পরিমাণ নির্ধারণ করা হয়।

অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয় বৃদ্ধির ফলে রিজার্ভে এই ইতিবাচক প্রভাব পড়েছে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি ভালো লক্ষণ।

মানবকণ্ঠ/আরআই