পাকিস্তান সিরিজের উত্তেজনা শেষ হতে না হতেই আবারও আন্তর্জাতিক ক্রিকেটের জোয়ারে ভাসতে যাচ্ছে বাংলাদেশ। ঘরের মাঠে এবার টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সোমবার (১৬ মার্চ) নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কিউইদের আগমন ও ওয়ানডে লড়াই: আগামী ১৩ এপ্রিল ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার জন্য তারা তিন দিন সময় পাবে। এরপর ১৭ এপ্রিল মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ২০ এপ্রিল মাঠে গড়াবে দ্বিতীয় ওয়ানডে। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি খেলতে দুই দল বন্দরনগরী চট্টগ্রামে যাবে এবং ২৩ এপ্রিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (সাগরিকায়) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।
টি-টোয়েন্টি সিরিজের সূচি: ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর শুরু হবে কুড়ি ওভারের সংক্ষিপ্ত ফরম্যাটের লড়াই। এই সিরিজের বিশেষত্ব হলো—বিশ্বকাপ বয়কটের পর এবারই প্রথম টি-টোয়েন্টি খেলতে মাঠে নামবে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ও দ্বিতীয় ম্যাচ যথাক্রমে ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এরপর সিরিজের শেষ টি-টোয়েন্টি খেলতে দুই দল আবারও ঢাকায় ফিরবে। ২ মে মিরপুরে সমাপনী ম্যাচের মধ্য দিয়ে কিউইদের এই সফর শেষ হবে।
বিসিবির তথ্য অনুযায়ী, ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। অন্যদিকে, টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো শুরু হবে ফ্লাডলাইটের আলোয় সন্ধ্যা ৬টায়।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও এই সাফল্যের ধারা বজায় রাখতে মরিয়া বাংলাদেশ দল। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে টাইগাররা কেমন পারফরম্যান্স করে, সেদিকেই নজর থাকবে ক্রিকেট প্রেমীদের।
মানবকণ্ঠ/আরআই




Comments