Image description

ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা আমান উল্লাহ আমান বলেছেন, “দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে—তারেক রহমানের এই ভবিষ্যদ্বাণী আজ ধ্রুব সত্য হিসেবে প্রমাণিত হয়েছে।” 

সোমবার (১৬ মার্চ) সকালে কেরানীগঞ্জের আকসাইল এলাকায় এক খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আমান উল্লাহ আমান বলেন, “বিএনপি যা বলে, তাই করে। নির্বাচনের পর আঙুলের কালির দাগ শুকানোর আগেই আমরা নির্বাচনী অঙ্গীকার পূরণ শুরু করেছি। ইনশাআল্লাহ, সবার সহযোগিতায় তারেক রহমানের নেতৃত্বে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠিত হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান এবং ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার ঐতিহাসিক ‘খাল খনন’ কর্মসূচির স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, এই কর্মসূচি দেশের কৃষি ও অর্থনীতিতে বিপ্লব ঘটিয়েছিল, যার ধারাবাহিকতা আজও প্রাসঙ্গিক।

ঢাকা জেলা প্রশাসক (ডিসি) মো. রেজাউল করিমের সভাপতিত্বে এবং কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক, সহকারী কমিশনার (রাজস্ব) জান্নাতুল মাওয়াসহ স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মানবকণ্ঠ/ডিআর