ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির ওপর দীর্ঘমেয়াদী আস্থা বজায় রাখল ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ২০৩০ ফিফা বিশ্বকাপ পর্যন্ত এই অভিজ্ঞ কোচের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানানো হয়।
২০২৫ সালের মে মাসে সেলেসাওদের দায়িত্ব গ্রহণ করেন আনচেলত্তি। গত এক বছরে তাঁর অধীনে ১০টি ম্যাচ খেলেছে ব্রাজিল, যার মধ্যে ৫টিতে জয়, ২টিতে ড্র এবং ৩টিতে পরাজয় বরণ করেছে দলটি।
আনচেলত্তির অধীনেই ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর মাধ্যমে ব্রাজিলের ফুটবল ইতিহাসে প্রথম বিদেশি কোচ হিসেবে বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার অনন্য রেকর্ড গড়তে যাচ্ছেন তিনি।
চুক্তি নবায়নের পর সিবিএফের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন,‘এক বছর আগে ব্রাজিলে এসেছিলাম। প্রথম মিনিট থেকেই বুঝতে পেরেছি এ দেশে ফুটবল মানে কী। এক বছর ধরে আমরা ব্রাজিলকে বিশ্বের শীর্ষে ফিরিয়ে নিতে কাজ করছি। কিন্তু সিবিএফ এবং আমি আরও বেশি জয়, আরও সময় এবং আরও কাজ করতে চাই।‘
সিবিএফ সভাপতি সামির জউদ এই চুক্তি নবায়নকে ঐতিহাসিক দিন হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন,‘কার্লো আনচেলত্তির চুক্তির মেয়াদ বাড়ানো আমাদের সেই অঙ্গীকারেরই অংশ, যেখানে আমরা বিশ্বসেরা এই দলকে আরও শক্তিশালী, আধুনিক এবং প্রতিযোগিতামূলক কাঠামো দিতে চাই।‘
সোমবার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবেন আনচেলত্তি। খেলোয়াড় ও সহকারী কোচ হিসেবে বিশ্বকাপের অভিজ্ঞতা থাকলেও প্রধান কোচ হিসেবে বিশ্বকাপের মঞ্চে এটিই হবে তাঁর প্রথম টুর্নামেন্ট।
আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে গ্রুপ ‘সি’ তে ব্রাজিল। ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করবে সেলেসাওরা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের গ্রুপে অন্য দুই প্রতিপক্ষ হাইতি এবং স্কটল্যান্ড।




Comments