Image description

কেপ ভার্দের বিপক্ষে রুদ্ধশ্বাস ৩-২ গোলের জয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে ম্যাচটি মোটেও সহজ ছিল না বলে স্বীকার করেছেন অধিনায়ক লিওনেল মেসি। একই সঙ্গে প্রতিপক্ষ কেপ ভার্দের লড়াকু মানসিকতারও ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

ম্যাচ শেষে মেসি বলেন, ‘আমরা জানতাম ম্যাচটা খুব কঠিন হবে। এই দলটি স্পেন বা উরুগুয়ের কাছেও হারেনি। আমরা সবচেয়ে কঠিন কাজটা করেছিলাম, প্রথম গোলটি করে। তখন মনে হয়েছিল আমরা নিজেদের ছন্দে ফিরব এবং ম্যাচ নিয়ন্ত্রণে আনব, কিন্তু ঠিক উল্টোটা হয়েছে। তারা সর্বোচ্চটা দিয়েছে। এটাই এই বিশ্বকাপের বাস্তবতা।’

আর্জেন্টাইন অধিনায়কের মতে, নকআউট পর্বে উঠে আসা প্রতিটি দলই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েই এসেছে। তাই কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সব সময় সব জাতীয় দলকে সম্মান করি। জানতাম সহজ হবে না। এখন সব দলই খুব কাছাকাছি মানের। প্রতিটি ম্যাচই কঠিন হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্রাম নেওয়া এবং সামনে কী আসছে, সেটা নিয়ে ভাবা। ভালো দিকগুলো ধরে রাখতে হবে, আর যেসব ভুল হয়েছে, সেগুলো শুধরে নিতে হবে।’