বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন দায়িত্ব পেয়েছেন। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে লাহোর কালান্দার্স। দলটির ক্রিকেটারদের উন্নয়ন, কোচিং কার্যক্রম পরিচালনা এবং তরুণ প্রতিভাদের বিকাশে দিকনির্দেশনা দেবেন বুলবুল।
ক্রিকেটের উন্নয়নে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিটি।
বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রিকেট উন্নয়ন বিভাগে কাজ করেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আইসিসির এশিয়া অঞ্চলের ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। একই সময়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ক্রিকেট উন্নয়ন কর্মকর্তার দায়িত্বও সামলেছেন বুলবুল।
বিএইচ

