পটুয়াখালীর দশমিনা উপজেলার কর্মরত সাংবাদিক এবং দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি মো. রাকিব হোসাইন (৩৭) আর নেই। রোববার (৩১ মে) ভোরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার ভোরে উপজেলা সদরের মানিক মিয়া চত্বর এলাকায় নিজ ভাড়া বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাকিব হোসাইন। স্বজনরা তাকে তাৎক্ষণিক দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।
সাংবাদিক রাকিব হোসাইন দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি এবং দশমিনা সাংবাদিক সমিতির সদস্য ছিলেন। এর আগে তিনি দীর্ঘ সময় দৈনিক যুগান্তরের দশমিনা (দক্ষিণ) প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি বাবা, এক ভাই ও দুই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে রোববার সকাল সাড়ে ১০টায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। পরে বিকেলে গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
তার অকাল মৃত্যুতে দশমিনা সাংবাদিক সমিতি ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। সহকর্মীরা তাকে একজন সৎ ও নিষ্ঠাবান সংবাদকর্মী হিসেবে স্মরণ করেছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments