ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সমসাময়িক গণভোটে ভোটগ্রহণ শুরুর প্রথম সাড়ে চার ঘণ্টায় গড়ে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, এখন পর্যন্ত সারাদেশের ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের তথ্য নির্বাচন কমিশনের হাতে এসেছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, এসব কেন্দ্রে গড়ে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে। এখন পর্যন্ত কোনো কেন্দ্রেই ভোটগ্রহণ বন্ধ করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
ইসি সচিব জানান, সারাদেশে ৪২ হাজারের বেশি কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলছে, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। নির্ধারিত সময় শেষে শুরু হবে ভোট গণনা।
তিনি আরও বলেন, এ পর্যন্ত দেশের কোথাও বড় ধরনের কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। বিভিন্ন স্থান থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের তথ্য পাওয়া যাচ্ছে। নির্বাচন কমিশন পর্যায়ক্রমে ভোটের হালনাগাদ তথ্য গণমাধ্যমকে জানাবে।
মানবকণ্ঠ/আরআই




Comments