Image description

ঠিক ৩২ বছর আগে ১৯৯৩ সালের ১৪ আগস্ট সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন বিএনপির প্রভাবশালী নেতা প্রয়াত ফজলুর রহমান পটল। সময়ের পরিক্রমায় বাবার সেই একই মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করলেন মেয়ে ফারজানা শারমীন পুতুল।

গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিজের প্রথম কার্যদিবস অতিবাহিত করেন তিনি। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পাশাপাশি তাঁকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও দেওয়া হয়েছে।

সচিবালয়ে বাবার একসময়ের দপ্তরে বসে প্রথম দিনটি ফারজানা শারমীন পুতুলের জন্য ছিল অত্যন্ত আবেগঘন। নিজের অনুভূতি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেন, ৩৩ বছর আগে যে অফিসে বসে তাঁর বাবা মানুষের কল্যাণে কাজ করেছিলেন, আজ তিনিও সেখানেই বসেছেন। পাশের বোর্ডে সাবেক মন্ত্রীদের তালিকায় বাবার নাম দেখে তিনি স্মৃতিবিহ্বল হয়ে পড়েন। তাঁর মনে হয়েছে, বাবা যেন অদৃশ্যভাবে সেখানেই তাঁর জন্য অপেক্ষা করছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন ফারজানা শারমীন। নির্বাচনী প্রচারণায় তিনি বাবার অসমাপ্ত কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। স্থানীয় ভোটার ও দলীয় কর্মীদের মতে, প্রয়াত ফজলুর রহমান পটলের আকাশচুম্বী জনপ্রিয়তাই ফারজানার বিজয়ের পথ সুগম করেছে। তবে এই জয় সহজ ছিল না; দলের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ ও স্বতন্ত্র প্রার্থীদের শক্ত মোকাবিলা করে প্রায় ১২ হাজার ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হন।

পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ৪১ বছর বয়সী ফারজানা শারমীন পুতুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ২০১৬ সালে বাবার মৃত্যুর পর তিনি রাজনীতিতে সক্রিয় হন। বর্তমানে তিনি নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এখন বাবার উত্তরসূরি হিসেবে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের সেবা করতে চান তিনি।

মানবকণ্ঠ/ডিআর