Image description

আসন্ন ঈদুল ফিতরের আগেই ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু করবে সরকার। এই কার্ড সরাসরি প্রতিটি পরিবারের নারী সদস্যদের হাতে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান।

মন্ত্রী জানান, বর্তমানে প্রচলিত অন্যান্য সব সামাজিক নিরাপত্তা ভাতা কার্ড সচল থাকবে। তবে নতুন এই ফ্যামিলি কার্ডে যে পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হবে, তা আগের যেকোনো ভাতার চেয়ে দ্বিগুণেরও বেশি হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে এই বড় অংকের ভাতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডা. এ জেড এম জাহিদ বলেন, “ফ্যামিলি কার্ড বাস্তবায়নের রূপরেখা তৈরির জন্য অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের উপ-কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী তিন দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে। এরপরই নিশ্চিত হওয়া যাবে ঠিক কত সংখ্যক পরিবার এই কার্ডের আওতায় আসবে এবং নির্দিষ্ট টাকার অংক কত হবে।”

বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, “ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না। এখানে কোনো মধ্যস্বত্বভোগী বা দালালের সুযোগ থাকবে না। সরাসরি প্রতিটি পরিবারের নারীদের হাতে এটি পৌঁছে দেওয়া হবে। কেউ যেন বৈষম্যের শিকার না হন এবং প্রকল্পটি যেন কোনোভাবেই বিতর্কিত না হয়, সেদিকে আমরা কঠোর নজর রাখছি।”

সমাজকল্যাণমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উদ্যোগ হিসেবে এই কর্মসূচি নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য হলো আগামী ছয় মাসের মধ্যে এর ৫০ শতাংশ বাস্তবায়ন নিশ্চিত করা। দ্রুততম সময়ের মধ্যে যেন সাধারণ মানুষ এই সেবা পায়, তা নিশ্চিত করতে প্রশাসনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর