জ্যেষ্ঠ সাংবাদিক এসএএম মাহফুজুর রহমানকে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁকে এই নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর এই নিয়োগ যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) কার্যকর থাকবে। জনস্বার্থে জারি করা এই আদেশের অন্যান্য শর্তাবলি উভয় পক্ষের মধ্যে সম্পাদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। তিনি ‘গ্রেড-১’ পদমর্যাদায় এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, এসএএম মাহফুজুর রহমান দেশের অন্যতম শীর্ষ সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) সম্পাদক হিসেবে প্রায় ১০ বছর দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে তিনি ইউএনবিতেই সহ-সম্পাদক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় সাফল্যের সঙ্গে যুক্ত থাকা মাহফুজুর রহমান জাতীয় প্রেসক্লাবের একজন স্থায়ী সদস্য।
মানবকণ্ঠ/আরআই




Comments