Image description

বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে আজ। অধিবেশন বসবে বেলা ১১টায়। গণ-অভ্যুত্থানের পর দেশের গণতন্ত্রকামী মানুষ অপেক্ষায় ছিলেন জাতীয় নির্বাচনের। ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার পর গঠিত হয় বিজয়ী দল বিএনপির নেতৃত্বে নতুন সরকার। মূলত এরপরই থেকেই সবাই দিন গুনছিলেন, কবে বসবে স্বপ্নের সেই সংসদ অধিবেশন। আজ সেই স্বপ্ন পূরণের দিন।

এদিকে সংসদ অধিবেশনের শুরুতে স্পিকারের আসন ফাঁকা রেখেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পর্ব সম্পন্ন হবে। এরপর সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান অধিবেশনে সভাপতিত্ব করার জন্য একজন জ্যেষ্ঠ সংসদ-সদস্যের নাম প্রস্তাব করবেন। আরেকজন সংসদ-সদস্য তার এই প্রস্তাব সমর্থন করবেন। যার নাম প্রস্তাব করা হবে, তার সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হবে। বিদায়ি সংসদের স্পিকারের পদত্যাগ এবং ওই সংসদের ডেপুটি স্পিকার একাধিক মামলায় কারাগারে থাকায় বিকল্প হিসাবে এই পদ্ধতি অনুসরণ করে অধিবেশনের যাত্রা শুরু হবে। এর আগে ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ অধিবেশন শুরুর সময় একই পদ্ধতি অনুসরণ করার নজির রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সংসদ নেতা তারেক রহমানের প্রস্তাব অনুযায়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ ড. খন্দকার মোশাররফ হোসেনকে অধিবেশনে সভাপতিত্ব করতে দেখা যেতে পারে। তার সভাপতিত্বে প্রথম দিন শোক প্রস্তাব উত্থাপন এবং নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এরপর ২০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি রাখা হবে। এই সময়ের মধ্যে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে নতুন স্পিকারের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে সভাপতিমণ্ডলীর সদস্যদের মনোনয়ন, সব নির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে ধন্যবাদ জ্ঞাপন এবং বিগত অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশগুলো আইনে পরিণত করতে সংসদে উত্থাপন করা হবে। সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশন বসার ৩০ কার্য দিবসের মধ্যে অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের বাধ্যবাধকতা রয়েছে। তা না হলে এগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। সবশেষে সংসদের প্রথম অধিবেশন হওয়ায় সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে এদিন উদ্বোধনী ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অধিবেশন শুরুর পর ২ দিন (শুক্র ও শনিবার) সংসদের বিরতি থাকবে। এরপর ১৫ মার্চ আবার সংসদ বসবে। ওই দিন মুলতবি হওয়ার পর ঈদুল ফিতরের পর ২৯ মার্চ ফের অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে সংসদ উপনেতা পদে কে বসবেন, কারা হবেন সংসদীয় কমিটির সভাপতি তা ফয়সালা হবে। এছাড়াও সংরক্ষিত ৫০টি নারী আসনের সংসদ-সদস্যদেরও দেখা যাবে এই অধিবেশনে। এর আগে নারী আসনে নির্বাচনসংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করবে নির্বাচন কমিশন।