জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদের উপর ভাসমান সেতু ঈদে ঘুরতে আসা মানুষের ভারে ছিঁড়ে ও উল্টে গেলে পানিতে ডুবে ভাই-বোনসহ চারজনের মৃত্যু হয়েছে।
শনিবার বিকালে দেওয়ানগঞ্জ মডেল থানার কাছেই নদীতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার রবিউল ইসলাম।
নিহতরা হলেন- উপজেলার ঝালুরচর এলাকার শের আলীর মেয়ে খাদিজা (১২) ও ছেলে আব্দুল মোতালেব (৬) এবং একই উপজেলার ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০), গামারিয়া এলাকার আবির (১৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে প্রতি বছর ওই ব্রিজে এবং আশপাশে মানুষের ব্যাপক সমাগম হয়। এবারও ঈদের দিন বিকেলে সেখানে প্রচুর মানুষ আসেন। দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। আজ অতিরিক্ত চাপের কারণে হঠাৎ সেটি ভেঙে পড়ে।
এ সময় ব্রিজে থাকা শতাধিক মানুষ নদীতে পড়ে যান। তাদের মধ্যে অনেকে সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও কয়েকজন শিশু পানির স্রোতে ভেসে যায়। ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। এখনো দুই শিশু নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।




Comments