দেশে হামের সংক্রমণ পরিস্থিতি আশঙ্কাজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে ১ হাজার ২৩৬ জন শিশু হামে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত একদিনে মারা যাওয়া শিশুদের মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে। বাকি ১০ জন শিশুর মৃত্যু হয়েছে হামের তীব্র উপসর্গ নিয়ে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ২২টি শিশু। তবে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি—এই সময়ের মধ্যে ১২৮ জন শিশুর মৃত্যু হয়েছে।
সংক্রমণের চিত্রে দেখা গেছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৯৮ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আরও ৬ হাজার ৮৮৩ শিশুর শরীরে এ রোগের বিভিন্ন উপসর্গ রয়েছে। স্বাস্থ্য বিভাগ এই পরিস্থিতি মোকাবিলায় টিকাদানসহ প্রয়োজনীয় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments