Image description

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত এ আয়োজনের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন খালিয়াজুরী। 

অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং তত্ত্বাবধানে ছিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।

অনুষ্ঠানের উদ্বোধন করেন, খালিয়াজুরী উপজেলার নির্বাহী কর্মকর্তা নাদিম হোসেন শামীম। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আজিজেল কদরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন,উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী শাকিল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতিভূষণ দাস, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা ও খালিয়াজুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ। 

এছাড়াও উপস্থিত ছিলেন; কৃষ্ণপুর হাজী আলী আকবর বিশ্ববিদ্যালয় কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান আজাদ আকবরী এবং জামায়াতের উপজেলা সভাপতি ইসমাইল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের উদ্ভাবিত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক স্টল পরিদর্শন করেন। শিক্ষার্থীদের সৃজনশীল উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রকল্প দেখে সন্তোষ প্রকাশ করেন তারা।

এ সময় বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি স্টলের উদ্ভাবকদের ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতে আরও উন্নত ও উদ্ভাবনী কাজের প্রত্যাশা ব্যক্ত করা হয়।