Image description

সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নিজের নির্বাচনী এলাকার মানুষের প্রাণ বাঁচাতে একটি সড়ক প্রশস্তকরণের দাবি জানিয়ে রীতিমতো ‘ভিক্ষা’ চেয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে তিনি এই দাবি উত্থাপন করেন। হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টিকিটে নির্বাচিত সংসদ সদস্য।

হাসনাত আবদুল্লাহ বলেন, “নির্বাচনী এলাকা দেবিদ্বারের কুমিল্লা-সিলেট সংযোগ সড়কটি অত্যন্ত সরু হওয়ায় সেখানে প্রতিদিন মৃত্যুর মিছিল চলছে। সিলেট-চট্টগ্রাম যাতায়াতের অন্যতম প্রধান এই মহাসড়কটি মাত্র ১৮ ফুট প্রশস্ত। রাস্তাটি যথাযথ চওড়া না হওয়ায় আমি এলাকার মানুষের কাছে মুখ দেখাতে পারি না। অবিলম্বে এই রাস্তাটি করা না হলে লোকজন আমাকে বেঁধে রাখবে। এলাকার মানুষের স্বার্থে এই সংসদ ও সরকারের কাছে আমি রাস্তাটি ‘ভিক্ষা’ চাইছি।”

তিনি অত্যন্ত ভারাক্রান্ত কণ্ঠে জানান, “যেই মুহূর্তে স্পিকার আমাকে কথা বলার অনুমতি দিয়েছেন, তার কিছুক্ষণ আগেই দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় তিনজন তরতাজা প্রাণ ঝরে গেছে। এখন তাদের জানাজার প্রস্তুতি চলছে। এটি দেবিদ্বারের প্রাত্যহিক চিত্র হয়ে দাঁড়িয়েছে। এই মহাসড়কে কেবল চলতি মাসেই দুর্ঘটনায় ২৩ জন মানুষের মৃত্যু হয়েছে।”

বক্তব্যে তিনি প্রশাসনিক জটিলতার সমালোচনা করে বলেন, গত ১০ থেকে ১২ বছর ধরে আমলাতান্ত্রিক মারপ্যাঁচে রাস্তাটির কাজ থমকে আছে। ময়নামতি-দেবিদ্বার-জাফরগঞ্জ-কংশনগর হয়ে ব্রাহ্মণপাড়া কুটি চৌমুহনী পর্যন্ত এই সড়কটি দিয়ে প্রতিদিন প্রায় ১০ লাখ মানুষ যাতায়াত করে। এটি চট্টগ্রাম ও সিলেট বিভাগের সংযোগস্থল হলেও এর প্রশস্ততা মাত্র ১৮ ফুট, যা একটি মহাসড়কের জন্য অকল্পনীয়।

স্পিকারের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে হাসনাত আবদুল্লাহ বলেন, “১০ লাখ মানুষের প্রাণ বাঁচাতে আমি আপনাদের কাছে এই সড়ক প্রশস্তকরণের ভিক্ষা চাই। দয়া করে এর দ্রুত ব্যবস্থা নিন।”

জবাবে অধিবেশন পরিচালনাকারী ডেপুটি স্পিকার কায়সার কামাল সংসদ সদস্যকে জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে যথাযথ প্রতিকার পেতে সংসদীয় কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে নোটিশ করার পরামর্শ দেন তিনি।

মানবকণ্ঠ/আরআই