Image description

দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোকে সুরক্ষা দিতে এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে ১৩টি জেলা এবং ৩টি সিটি করপোরেশনের ৩৭ হাজার ৮১৪টি পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে প্রদান করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য মো. রবিউল আউয়ালের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বর্তমান সরকার একটি নিরাপদ, বৈষম্যহীন ও জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ। নারী ও শিশুদের টেকসই উন্নয়নের অংশীদার করতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি পরিচালিত হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

ভিডব্লিউবি কার্যক্রম: অসচ্ছল নারীদের সামাজিক মানোন্নয়ন।

মা ও শিশু সহায়তা কর্মসূচি: গর্ভবতী মা ও শিশুর পুষ্টি নিশ্চিতকরণ।

ক্ষুদ্রঋণ ও জয়িতা ফাউন্ডেশন: মহিলাদের আত্ম-কর্মসংস্থান ও পণ্য বিপণন।

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ন্যাশনাল টোল ফ্রি হেল্প লাইন, ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি), ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরী এবং ট্রমা কাউন্সেলিং সেন্টারের মাধ্যমে ভুক্তভোগীদের সেবা নিশ্চিত করা হচ্ছে।

সরকার বিদ্যমান মা ও শিশু সহায়তা কর্মসূচি আরও সম্প্রসারণের পরিকল্পনা করছে। ভবিষ্যতে এই কর্মসূচিতে আর্থিক সুবিধার পরিমাণ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানো হবে। পাশাপাশি প্রসবপূর্ব ও প্রসব পরবর্তী সেবা, টিকাদান এবং প্রাতিষ্ঠানিক ডেলিভারির সুবিধাগুলোও এই কর্মসূচির অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে প্রধানমন্ত্রী সংসদকে অবহিত করেন।

মানবকণ্ঠ/ডিআর