Image description

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় অসংলগ্ন ও অশোভন আচরণের অভিযোগে দুই তরুণীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে হাসপাতালের মেডিসিন ওয়ার্ড থেকে তাঁদের আটক করে কোতোয়ালি মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, ২৭ বছর বয়সী এক তরুণী হাসপাতালে রোগী হিসেবে ভর্তি ছিলেন এবং ২০ বছর বয়সী অপর এক তরুণী তাঁর সেবিকা (অ্যাটেনডেন্ট) হিসেবে সেখানে অবস্থান করছিলেন। হাসপাতালের বেডে তাঁদের দুজনের আচরণ সন্দেহজনক ও অশোভন মনে হলে কর্তব্যরত আনসার সদস্যরা বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পরবর্তীতে চিকিৎসাধীন তরুণীর মায়ের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাঁদের হেফাজতে নেয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটক হওয়া এই দুই তরুণীর পরিচয় হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে। সেখান থেকেই তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্ক নিয়ে দুই পরিবারেই আগে থেকে বিবাদ চলছিল। চিকিৎসাধীন ২৭ বছর বয়সী তরুণী বিবাহিত এবং তাঁর একটি সন্তান রয়েছে বলেও জানা গেছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, হাসপাতালের অভিযোগের ভিত্তিতে ওই দুই তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের মধ্যে বিশেষ সম্পর্কের কথা স্বীকার করেছেন।

ওসি আরও জানান, যেহেতু পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়নি, তাই তাঁদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। আদালতই তাঁদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এই ঘটনাটি হাসপাতাল এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মানবকণ্ঠ/আরআই