Image description

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বড় সুখবর দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আগামী জুলাই মাস থেকে পাইলট প্রকল্প হিসেবে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ এবং জুতা বিতরণ শুরু হবে। বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এই ঘোষণা দেন।

মন্ত্রী জানান, এই বিশেষ উদ্যোগটি প্রথমে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে দেশের সকল উপজেলার সকল শিক্ষার্থী এই সুবিধার আওতায় আসবে। এমনকি মাদরাসা ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও পরবর্তীতে এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, এই বিশাল কর্মযজ্ঞে সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ী সংগঠনও এগিয়ে এসেছে। ইতোমধ্যে বিজিএমইএ এক লাখ শিক্ষার্থীর জন্য ড্রেস, ব্যাগ ও জুতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যান্য অনেক প্রতিষ্ঠানও এই মানবিক কার্যক্রমে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

একই সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী পাইলট প্রকল্পের আওতায় প্রতি উপজেলার দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের ড্রেস, ব্যাগ ও জুতা দেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও স্পষ্ট করেন যে, দেশের সব ছাত্রের জন্য একই রকম এবং সব ছাত্রীর জন্য একই ডিজাইনের ড্রেস ও সামগ্রী হবে। তিনি বলেন, "প্রধানমন্ত্রী চান ব্যবসায়ী ও সমাজের বিত্তবান ব্যক্তিরা যেন রাষ্ট্রের উন্নয়নমূলক কর্মকাণ্ডে একাত্ম হন। সেই লক্ষ্যেই ব্যবসায়ীদের এই কার্যক্রমে যুক্ত করা হয়েছে।" সরকারের এই মহতী উদ্যোগ বাস্তবায়নের পূর্ণ সক্ষমতা রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।

মানবকণ্ঠ/আরআই