দেশের সংবিধান সংস্কার ও ‘জুলাই সনদ’-এর আকাঙ্ক্ষা বাস্তবায়নে ১৭ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানান।
আইনমন্ত্রী বলেন, সংসদের কার্যপ্রণালী বিধির ২৬৬ ধারা অনুযায়ী ইতিমধ্যে ১২ সদস্যের একটি প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়েছে। এই ১২ জনের মধ্যে সরকারি দল বিএনপি থেকে ৭ জন এবং গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি ও স্বতন্ত্র সদস্যদের মধ্য থেকে ৫ জনকে রাখা হয়েছে।
কমিটি পূর্ণাঙ্গ করতে বিরোধী দলের পক্ষ থেকে ৫ জন সদস্যের নাম চাওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, "বিরোধী দলের আনুপাতিক হার প্রায় ২৬ শতাংশ হওয়ায় তাদের জন্য ৫টি সদস্যপদ রাখা হয়েছে। তারা বৃহস্পতিবারের মধ্যে নাম জমা দিলে মোট ১৭ সদস্যের এই বিশেষ কমিটি চূড়ান্ত করা সম্ভব হবে এবং পরদিনই তা সংসদ অধিবেশনে উপস্থাপন করা যাবে।"
তিনি আরও জানান, এই কমিটি মূলত সংবিধানের প্রয়োজনীয় সংস্কার এবং ‘জুলাই সনদ’-এর আলোকে রাষ্ট্র কাঠামোর আধুনিকায়নে কাজ করবে। সংসদ অধিবেশনে এ সময় স্পিকারও বিরোধী দলকে দ্রুত নামের তালিকা জমা দেওয়ার আহ্বান জানান যাতে সংবিধান সংশোধন প্রক্রিয়া দ্রুত শুরু করা যায়।
মানবকণ্ঠ/আরআই




Comments