Image description

হাম ও রুবেলা রোগ নিয়ন্ত্রণ এবং সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী পরিচালিত টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শিশুদের টিকা প্রদান করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এই বিশেষ কর্মসূচি চলবে আগামী ২০ মে পর্যন্ত।

বুধবার (২৯ এপ্রিল) সকালে গাজীপুর সিটি করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত অস্থায়ী কেন্দ্রে গিয়ে দেখা যায় অভিভাবকদের উপচে পড়া ভিড়। মায়েরা তাদের ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের নিয়ে লাইনে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে টিকা নিচ্ছেন। এই ক্যাম্পেইনের আওতায় ১৪টি কর্মদিবসে ৬ মাস থেকে ৫৯ মাস ২৯ দিন বয়সী শিশুদের এক ডোজ করে হাম-রুবেলা (এমআর) টিকা দেওয়া হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্যকর্মীরা সুশৃঙ্খলভাবে শিশুদের টিকা প্রদান করছেন এবং অভিভাবকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। শিশুদের প্রাণবন্ত উপস্থিতি ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কেন্দ্রগুলোতে এক ধরনের উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা জানান, হাম ও রুবেলা শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সংক্রামক রোগ। সময়মতো এই টিকা প্রদান করলে শিশুদের শারীরিক জটিলতা ও অকাল মৃত্যু ঝুঁকি থেকে সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। টিকাদান কর্মসূচি সফল করতে এবং কোনো শিশু যেন এই সুবিধার বাইরে না থাকে, সে লক্ষ্যে সিটি করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডসহ সব এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডেই একযোগে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ কেন্দ্রে এসে শিশুদের জীবন রক্ষাকারী এই টিকা দেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

মানবকণ্ঠ/আরআই