দেশের প্রবাসী আয়ে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে। চলতি এপ্রিল মাসের প্রথম ২৮ দিনেই দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ২৯০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার (প্রায় ২৯১ কোটি ডলার)। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এই ইতিবাচক চিত্র উঠে এসেছে।
বুধবার (২৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, এই মাসে প্রবাসীরা প্রতিদিন গড়ে প্রায় ১০ কোটি ৩৯ লাখ ডলার করে রেমিট্যান্স পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২৫০ কোটি ৩০ লাখ ডলার, অর্থাৎ বছরের ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৮ এপ্রিল পর্যন্ত দেশে মোট ২ হাজার ৯১১ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এটি ১৯ দশমিক ৯০ শতাংশ বেশি।
উল্লেখ্য, এর আগে গত মার্চ মাসে ৩.৭৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল, যা ছিল দেশের ইতিহাসে একক কোনো মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। বর্তমানের এই ধারাবাহিকতা বজায় থাকলে এপ্রিল শেষেও বড় অংকের রেমিট্যান্স প্রাপ্তির আশা করছে সংশ্লিষ্টরা।
মানবকণ্ঠ/আরআই




Comments